Advertisement

ভোটের আগে বিজেপি সাংসদদের ‘কালসাপ’ বলে বিতর্কে জড়ালেন অভিষেক

বেশ কয়েক বছর হলো উত্তরবঙ্গ মুখ ফিরিয়েছে তৃণমূল থেকে। এবার তার কিছুটাও যদি ফিরিয়ে আনা না যায় তাহলে সমূহ বিপদ – একথা খুব বুঝেছে তৃণমূল। তাই শুধু ২০২৫ এই বেশ কয়েকবার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ গেছেন।

আর এবার ভোট প্রচারের দ্বিতীয় দিন আলিপুর দুয়ার থেকে প্রচুর প্রতিশ্রুতি দিলেন আভিষেক। ভোটের আগে গোটা মাসব্যাপী ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার আলিপুরদুয়ারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর সেই সভা থেকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে তিনি বলেন, ”আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার হলে আমার প্রথম দৃষ্টি থাকবে আলিপুরদুয়ার। কমপক্ষে চা বাগানে ৩০০ টাকা দৈনিক মজুরি করার চেষ্টা করব।” শুধু তাই নয়, এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এদিন আলিপুরদুয়ারের সভা থেকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। আমরা মিথ্যে বলি না। কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র।”

এই বিষয়ে বিজেপি সাংসদকেও আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “মনোজ টিগ্গাকে কখনও আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ ও কালসাপ দু’টোই এক।” এদিন সভার মাঝে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন অভিষেক।

সেখানে তাঁকে চা শ্রমিকদের মজুরি নিয়ে একজন প্রশ্ন করেন। সেই প্রসঙ্গে সাংসদ বলেন, ”২০১১ সালে আমাদের সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় ৬৭ টাকা দৈনিক মজুরি ছিল চা শ্রমিকদের। অনেক লড়াই করেছি। ২৫০ টাকা হয়েছে। এর আগে যখন এসেছিলাম ২৩২ টাকা ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *