Advertisement

ঠিক নতুন বছর শুরু হতেই বন্ধ হয়ে গেলো কামারহাটির প্রবর্তক জুটমিল।

বছরের শুরুতেই ১০০০ শ্রমিকের পেটে লাথি – বন্ধ মিল ঠিক নতুন বছর শুরু হতেই বন্ধ হয়ে গেলো কামারহাটির প্রবর্তক জুটমিল। উদ্ভ্রান্ত ১০০০ কর্মী। মঙ্গলবার ভোর থেকেই উত্তেজনা ছড়াল কামারহাটির প্রবর্তক জুট মিল।

শ্রমিকরা যখন নিয়মমতো কাজে ঢুকতে যাচ্ছেন, ঠিক তখনই সামনে আসে বন্ধ গেট। লোহার গেটে ঝুলছে তালা, তার ওপরে টাঙানো একটি নোটিস। তাতে স্পষ্ট ঘোষণা, “অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ।” যা দেখে মুহূর্তে মাথায় হাত শ্রমিকদের। কেউ বলছেন, “বছরটা তো সবে শুরু হল।

ছেলেমেয়েদের ভর্তি, সংসারের খরচ—কী করে চলবে?” মালিকপক্ষের দাবিতে, কাঁচাপাটের তীব্র সংকট, সঙ্গে আকাশছোঁয়া দাম—এই কারণেই মিল চালানো অসম্ভব হয়ে উঠেছে। তাই বাধ্য হয়েই তালা ঝুলেছে মিলের গেটে। কিন্তু শ্রমিকদের অভিযোগ একেবারে উল্টো, “ধোঁকাবাজি করা হয়েছে আমাদের সঙ্গে।” এক প্রতিবাদী শ্রমিকের আক্ষেপ, “প্রথমে বলল পাঁচ দিন মিল চলবে। পরে হল চারদিন।

আমরা সহযোগিতা করেছি। এখন হঠাৎ বন্ধ!”এই অবস্থায় তাঁদের দাবি, রাজ্য সরকার ও জন প্রতিনিধিদের হস্তক্ষেপ চাই। এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্রের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।উল্লেখ্য, কাঁচাপাটের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রককে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ও আইএনটিইউসি-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তাঁর আশঙ্কা, এই পরিস্থিতির জেরে একের পর এক জুট মিলে ছাঁটাই ও তালাবন্ধের ঝুঁকি বাড়ছে। কামারহাটির প্রবর্তক জুট মিল সেই উদ্বেগকেই ফের সামনে এনে দিল নতুন বছরের শুরুতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *