চিন্তির তৃণমূল যদি এমনটা হয়, ‘মর্নিং শোস দ্য ডে’, তাহলে বলতেই হবে এবার নন্দীগ্রাম নিয়ে চিন্তিত হওয়ার সময় এসেছে বিজেপির। কারণ নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন ছিল।
আর সেই নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতাই খুলতে ব্যর্থ বিজেপি। আর এরপরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ জয় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির এই ফলাফলে হতাশ পদ্ম শিবির। জানা গিয়েছে, আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় ভোটে ত্রিমুখী লড়াই ছিল। তৃণমূল, বিজেপি এবং সিপিএম ১২ টি আসনে সবেতেই প্রার্থী দিয়েছিল। তবে মহিলা সংরক্ষিত ছিল ২ টি এবং তফশিলি জাতির জন্য সংরক্ষিত ছিল ১ টি।
বাকি ৯ টি আসনে সাধারণ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। এদিনের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। মোতায়েন করা হয় বাড়তি পুলিশকর্মীকে। নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিকেলে সমবায় নির্বাচনের ফল ঘোষণা হতে দেখা যায়। ফল ঘোষণা হতেই দেখা যায়, সব আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতাই খুলতে পারেনি বিজেপি-সিপিএম।

















Leave a Reply