Advertisement

হাসিনা আর ফিরবে না বাংলাদেশে, জানিয়ে দিলো পুত্র ওয়াজেদ জয়

এমন অনেক প্রশ্ন থাকে যার উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। উত্তরের জন্য অপেক্ষা করতে হয়। আজকের প্রশ্নও কিন্তু তেমনই। হাসিনার রাজনৈতিক ইনিংস কি সত্যিই শেষ? তেমনই তো জানালেন তাঁর পুত্র ওয়াজেদ জয়। হাসিনাপুত্র একপ্রকার স্পষ্ট করে দিলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবার অবসরের পরিকল্পনা করছেন।

হাসিনার পুত্র জয় আমেরিকায় থাকেন। সেখান থেকে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে আওয়ামি লিগ বাংলাদেশের রাজনীতিতে ফিরলেও হাসিনার প্রত্যাবর্তনের তেমন সম্ভাবনা নেই। জয়ের কথায়, “আমার মায়ের বয়স হয়েছে।

প্রধানমন্ত্রী হিসাবে এটাই তাঁর শেষ ‘টার্ম’ ছিল। তিনি অবসর নিতে চেয়েছিলেন।” তাহলে কি হাসিনার অবসরের ইঙ্গিত দিচ্ছেন জয়? সঞ্চালক প্রশ্ন করেন, এটাকে কি ‘হাসিনা যুগের সমাপ্তি’ বলা যায়? জবাবে জয় রাখঢাক না করেই বলেন, ‘সম্ভবত তাই।’

এবার হয়তো আবার নতুন যুগের সূচনা হবে বাংলাদেশে। ২০২৪ সালের আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। দিন কয়েক আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সংবাদ প্রতিদিন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, “আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি।

আমার জন্য লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে, এই শঙ্কা থেকেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে।” তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামি লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ-সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার উপর।

হাসিনা বলেন, “বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচারবিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে, আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি আমি। বাংলাদেশেরই সেবা করেছি।”

সেদিন হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ শোনালেও জয়ের কথায় উলটো সুর। আমেরিকায় বসে তিনি একপ্রকার বুঝিয়েই দিলেন, হাসিনা আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না কোনও পরিস্থিতিতেই। আমাদের অপেক্ষা করতে হবে আসল উত্তরের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *