Advertisement

নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মন্ত্রী শশী জানালেন – ‘পাসপোর্ট দেখাবো না’

প্রতিবাদের বিভিন্ন ভাষা থাকে। এমনইতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রবল ক্ষুব্ধ তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদরা। তারা নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। এবার মন্ত্রী শশী পাঁজা প্রতিবাদ জানিয়ে বললেন, ‘পাসপোর্ট দেখাবো না।’রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ”হয়রানি করা হচ্ছে।

আমার নাম আছে ২০০২ সালের ভোটার তালিকায়। তা সত্ত্বেও নাম নেই বলে আমার কাছে নথি চাওয়া হল। আমি সেসব দেওয়ার পর পাসপোর্ট চাইছে! আমি পাসপোর্ট দেখাব না, এটা আমার প্রতিবাদ।” কমিশনকে রীতিমতো চ্যালেঞ্জের সুরে তাঁর বক্তব্য, ”দেখুক কী করে। তিনবারের মন্ত্রী, বিধায়কের নাম তোলে কি না ভোটার তালিকায়।

আমি এত বছর ধরে ভোটে লড়ে এসেছি, এত বছর ধরে ভোট দিয়েছে। এসব অযথা হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশন যা ইচ্ছে তাই করছে!” শশী পাঁজাকে শুনানির নোটিস পাঠানোর পর অতি সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছিল হাজিরার জন্য। রবিবার দুপুর দুটোয় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল শশী পাঁজার। এনুমারেশন ফর্মেও যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়েছেন তিনি। তা সত্ত্বেও শুনানিতে ডাক পেয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন শশী পাঁজা। তিনি জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়। অ্যাপের গলদে কমিশনের অনলাইন তালিকায় ২০০২ সালে মন্ত্রীর নাম দেখাচ্ছে না।

ফলে নিয়ম মেনে রবিবার নির্ধারিত সময় মন্ত্রী শুনানিতে হাজির হন। কিন্তু কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা নথি নিয়ে অযথা তাঁকে হয়রানি করছেন বলে অভিযোগ তোলেন মন্ত্রী।

সাফ জানান, ”যে ১১টি নথি ওরা গ্রহণ করছে, সেসব সকলের কাছে থাকা অসম্ভব। আমার পাসপোর্ট আছে, কিন্তু অনেকেরই না থাকতে পারে। আমি আমার পাসপোর্ট দেখাব না, এটা প্রতিবাদ।” পাশাপাশি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে আমজনতাকেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান শশী পাঁজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *