Advertisement

নেতাজি ইনডোরে নির্বাচনের সুর—চতুর্থবার মমতাকে আনার ডাক সুব্রত বক্সির

রবিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখলেন সুব্রত বক্সি

একদম সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে তৃণমূলের নির্বাচনী প্রচার। বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে সভা শুরু করেছেন মমতা, অভিষেক,সুব্রত বক্সির মতো নেতারা। রবিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলনে আগামী নির্বাচনের সুর বেঁধে দিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ এই সভা থেকেই তিনি দলীয় কর্মীদের বার্তা দেন, 2026 সালে বাংলার মসনদে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনাই তাদের লক্ষ্য ৷ সুব্রত বক্সি তাঁর বক্তব্যে কর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি বুথে গিয়ে সাধারণ মানুষকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা বলতে হবে এবং বিরোধী শিবিরের বিভ্রান্তিকর প্রচারের যোগ্য জবাব দিতে হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বর্তমানে রাজ্যে প্রায় 94টি জনকল্যাণমূলক প্রকল্প চলছে এবং এমন কোনও পরিবার নেই, যারা কোনও না-কোনও সরকারি প্রকল্পের সুবিধা পায়নি।”

এদিনের সভা থেকে এসআইআর (SIR) বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুব্রত বক্সি ৷ তাঁর অভিযোগ, “এই বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর নামে সাধারণ মানুষকে বিভিন্নভাবে বঞ্চনা ও হেনস্তার শিকার হতে হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালতে সওয়াল করেছিলেন ৷ তাঁর এই আইনি লড়াইয়ের ফলেই ভোটার তালিকা যাচাই ও চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়ায় পরিবর্তন আনা সম্ভব হয়েছে ৷”কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষি ও সমাজকল্যাণমূলক প্রকল্পের তুলনামূলক খতিয়ান তুলে ধরে সুব্রত বক্সি বলেন, “2022 সাল থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়া হলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ধ রাখা হয়েছে ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *