বিজয় হাজারেতে টানা তিন ম্যাচ জিতে আপাতত তৃতীয় স্থানে বাংলা ভারতে ক্রিকেটের উন্মাদনা একদম অন্যরকম। এবার বিজয় হাজারেতে বাংলার ভূমিকা বেশ ভালো। এই মুহূর্তে সকলেই তাকিয়ে ছিলো বাংলা ও অসমের খেলার দিকে।
আর সেখানেই বিপুল জয় পেলো বাংলা। বিজয় হাজারেতে অসমের বিরুদ্ধে ৮৫ রানে জয় পেল বাংলা। অভিমন্যু ঈশ্বরণের অধিনায়কোচিত সেঞ্চুরি এবং জাতীয় দলে ‘ব্রাত্য’ মহম্মদ শামির দাপুটে বোলিংয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে বঙ্গ ব্রিগেড। বাংলার দেওয়া ৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসমের ইনিংস শেষ হয় ২১৭ রানে।
এই নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল বাংলা। বরোদার বিরুদ্ধে হারের পর চণ্ডীগড়, ওড়িশা ম্যাচে জয় পেয়েছিল অভিমন্যুর দল। আর এবার অসমের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখল তারা। শনিবার টস জিতে বাংলাকে প্রথম ব্যাটিংয়ে পাঠান অসম অধিনায়ক সুমিত ঘাড়িগাওকর।
শুরুটা ভালো করতে পারেনি বাংলা। মাত্র ১১ রানে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল। এরপর সুদীপ কুমার ঘরামির সঙ্গে হাল ধরেন অভিমন্যু। ৩২ রানে ফেরেন তিনি। শততম লিস্ট ‘এ’ ম্যাচে খেলতে নামা অনুষ্টুপ মজুমদার আউট হন ৩১ রানে। বাংলা ১৪৩ রানে ৩ উইকেট হারালেও টিকে ছিলেন অধিনায়ক। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকান অভিমন্যু।
এটা তাঁর ৩৯তম ডোমেস্টিক সেঞ্চুরি এবং লিস্ট ‘এ’ ক্রিকেট কেরিয়ারে তাঁর দশম সেঞ্চুরি। তবে সেঞ্চুরিকে আরও বড় রানে রূপান্তরিত করতে ব্যর্থ হন অভিমন্যু। ১০২ রানে আউট হন তিনি। ৬৬ রানে অপরাজিত থাকেন শাহবাজ। শেষের দিকে আকাশ দীপ ৬ বলে ১৭ এবং শামি করেন ১১ বলে ২৫ রান। সব মিলিয়ে বাংলা তোলে ৭ উইকেটে ৩০২ রান। কিন্তু অসম মাত্র ২১৭ রানে খেলা শেষ করে।

















Leave a Reply