Advertisement

২৯৪ আসনে ৯০০ আবেদন! কংগ্রেসে টিকিটের লড়াই তুঙ্গে

রাজ্যে কংগ্রেসের ‘একলা চলো’ নীতি – ২৯৪ আসনের জন্য দাবিদার প্রায় ৯০০

গভীর সংকটে রাজ্য কংগ্রেস। শুভঙ্কর সরকারের নেতৃত্বে লড়াই শুরু হওয়ার আগেই প্রার্থীর জটে দিশেহারা রাজ্য কংগ্রেস। হাইকম্যান্ডের সঙ্গে বৈঠকের পর এমনই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার । তাঁর কথায়, “ছাব্বিশের নির্বাচনে সংগঠন শক্তিশালী করাই প্রধান লক্ষ্য । তাই সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ।”কিন্তু লড়াইয়ের সিদ্ধান্ত যতটা স্পষ্ট, প্রার্থী বাছাই ততটাই কঠিন । বিধান ভবন সূত্রের দাবি, রাজ্যের 33টি সাংগঠনিক জেলা থেকে সম্ভাব্য প্রার্থীর নাম এসেছে প্রায় আট-ন’শো । এত বিপুল আবেদনকারীর মধ্যে থেকে চূড়ান্ত তালিকা তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ । ভোটে জেতার অঙ্কের পাশাপাশি ‘যোগ্য মুখ’ খুঁজে বের করাই মূল কাজ ।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, প্রার্থী বাছাইয়ে নির্দিষ্ট কিছু মাপকাঠি স্থির হয়েছে । সমাজে প্রতিষ্ঠিত, সৎ ও গ্রহণযোগ্য মুখ—বিশেষত শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী কিংবা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে । পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকায় জনসংযোগ, সামাজিক গ্রহণযোগ্যতা ও আন্দোলনের ভূমিকা খতিয়ে দেখা হবে । এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই একাধিক জেলায় সাংগঠনিক বৈঠক সেরেছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক ও বঙ্গের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর । তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার , ত্রিপুরার বিধায়ক ও বিশেষ পর্যবেক্ষক সুদীপ রায় বর্মণ এবং প্রদেশ সহ-সভাপতি প্রীতম ঘোষ । উত্তরবঙ্গ থেকে বর্ধমান, বীরভূম, হুগলি—একাধিক জেলায় বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় বি.এল.এ-2 (বুথ লেভেল এজেন্ট) কর্মীরাও । জেলা সফর শেষ হলে আবেদনকারীদের বায়োডাটা খতিয়ে দেখবে প্রদেশ স্ক্রিনিং কমিটি । তার পর চূড়ান্ত তালিকা যাবে দিল্লিতে, যেখানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মতামত জানাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *